
যশোরের শার্শায় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিন হোসেন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চটকাপোতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিন হোসেন চটকাপোতা গ্রামের মাহামুদুল হাসান বাবুর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে স্কুল থেকে বাড়িতে ফিরে মুস্তাকিন ভাত খাওয়ার আগে হাত-মুখ ধোয়ার জন্য পানি নিতে মোটরের সুইচ দিতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিন ঘটনাস্থলেই আটকে যায়।
পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত একটি কাঠের সাহায্যে তাকে বিদ্যুতের সংযোগ থেকে ছাড়িয়ে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় মুস্তাকিনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
নিহত শিশুর মা বলেন, স্কুল থেকে বাড়িতে ফিরে মুস্তাকিন হাত-মুখ ধোয়ার জন্য মোটরের সুইচ দিতে গিয়েছিল। এ সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে যায়। পরে একটি কাঠ দিয়ে তাকে বিদ্যুতের সংযোগ থেকে ছাড়িয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মুস্তাকিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয় এবং পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় চটকাপোতা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ছয় বছর বয়সী শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি। স্থানীয়রা বাড়িঘরে বৈদ্যুতিক সংযোগ ও মোটরের সুইচ ব্যবহারের ক্ষেত্রে শিশুদের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


