ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে নির্ভর ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক উন্নয়ন সংস্থা
নির্ভর ফাউন্ডেশন–ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট টিম।
বুধবার (৭ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। ক্যাম্পাসকে আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব করে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
নির্ভর ফাউন্ডেশন এর ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট টিম এর কো-অর্ডিনেটর নিয়ামুল ইসলাম রিফাত জানান, জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ ও পরিবেশের ক্রমবর্ধমান ভারসাম্যহীনতার প্রেক্ষাপটে তরুণদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচির মাধ্যমে শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্থাটির ভলান্টিয়ারদের প্রত্যাশা, এসব গাছ ভবিষ্যতে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি নির্মল, ছায়াঘেরা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
নির্ভর ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী মহিদুর রহমান বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। একটি গাছ রোপণ মানে শুধু একটি চারা মাটিতে স্থাপন করা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর ভিত্তি তৈরি করা। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা সবুজায়নের এই উদ্যোগকে আরও বিস্তৃত করতে চাই।”
মহিদুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিবেশ সচেতনতা তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে যুক্ত করা গেলে ভবিষ্যতে তারা নিজ নিজ পরিবার ও সমাজেও পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তারা আরও বলেন পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় বৃক্ষরোপণ, সবুজায়ন ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পরিবেশবান্ধব উদ্যোগ আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন