
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন এবং চারঘাট ও বাঘা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফায়সাল তালুকদার। এ ছাড়া উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম. আব্দুন নূর, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তথ্যসংগ্রহের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্ব পালনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও তদারকি কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কর্মসূচির কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।





