
সুন্দরবনে বনদস্যুদের হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে স্বস্তির এই খবরের পরও কাটেনি উৎকণ্ঠা। এখনো বনদস্যুদের হাতে জিম্মি রয়েছেন ১৭ জেলে। প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটছে তাঁদের পরিবারের সদস্যদের। কখন ফিরবেন স্বজনেরা, সেই আশায় পথ চেয়ে আছেন তাঁরা। অপহৃত জেলেদের দ্রুত ও নিরাপদে উদ্ধারে জোরালো অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার জেলে উদ্ধারের তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান।
অভিযানে সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়। তাঁরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায় দস্যুরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাতে সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের নারকেলবাড়িয়া, আমবাড়িয়া, ভদ্রা ও ভাঙা এলাকায় পৃথক হামলায় ২১ জেলে অপহৃত হওয়ার খবর পাওয়া যায়। বন বিভাগ ও স্থানীয় সূত্রের অভিযোগ, এসব ঘটনায় মজনু, করিম শরীফ ও বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জড়িত। এ সময় একটি মাছ ধরার ট্রলার, পাঁচটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগও রয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অপহৃত ২১ জেলের মধ্যে চারজন উদ্ধার হওয়ায় এখনো ১৭ জেলে দস্যুদের কবলে রয়েছেন। তাঁদের অবস্থান ও উদ্ধারের বিষয়ে দ্রুত অগ্রগতি দেখতে চান স্বজনেরা। অপহরণের পর থেকেই জেলেদের পরিবার ও মহাজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে। কয়েকজন মহাজনের ভাষ্য, জেলেদের মুক্তির জন্য দস্যুদের সঙ্গে গোপনে যোগাযোগ ও দর-কষাকষির চেষ্টা চলছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম এর আগে জানিয়েছিলেন, অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সুন্দরবনে অবস্থানরত জেলেদের রাতে দলবদ্ধভাবে থাকা এবং বন কার্যালয়ের আশপাশে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। বন বিভাগের স্টেশন ও টহল ফাঁড়িগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।
সুন্দরবনকে দস্যুমুক্ত করার উদ্যোগের মধ্যেও একের পর এক জেলে অপহরণের ঘটনা জেলেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করছে। চার জেলেকে উদ্ধারের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন—বাকি ১৭ জেলেকে কবে উদ্ধার করা হবে?
স্বজনদের আকুতি, দ্রুত উদ্ধার করা হোক অপহৃত ১৭ জেলেকে। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে কোস্ট গার্ড, বন বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও কার্যকর অভিযান জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। জীবিকার তাগিদে সুন্দরবনে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনদস্যুদের অপহরণ ও মুক্তিপণ আদায়ের তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
