
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরের বোচাগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বোচাগঞ্জ, দিনাজপুরের যৌথ আয়োজনে সেতাবগঞ্জের আজিমাবাদ আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি”।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম এবং সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টারসহ কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া স্থানীয় শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয়, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং আত্মরক্ষার বিভিন্ন কৌশল ফায়ার সার্ভিসের সদস্যরা বাস্তব মহড়ার মাধ্যমে তুলে ধরেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় সচেতনতা, পূর্বপ্রস্তুতি ও সঠিক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমিয়ে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।





