সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ রবিবার (১৮ অক্টোবর) নেত্রকোনা জেলার পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে বেলা ১১টার দিকে পূর্বধলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

 

অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জায়েজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার।

 

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শাহীন, সাংবাদিক গোলাম মোস্তফা, এমদাদুল হক, জাকির হোসেন কামাল, মতিউর রহমান মন্ডল, হাবিবুর রহমান ও সাইফুল্লাহ মানসুরসহ অনেকে।

 

মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। এ হত্যার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে, অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

 

বক্তারা আরও বলেন, নিহত সাংবাদিক আলিফের দুটি ছোট সন্তান রয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এ অবস্থায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের ভরণপোষণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলা-র নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফ। এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ খান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাগেশ্বরীতে পাঁচ শতাধিক কিশোরীকে নিয়ে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত

‘সচেতন হই, আত্মনির্ভর হই, আত্মউন্নয়নের পথে এগিয়ে চলি’—এই প্রতিপাদ্যকে সামনে