গৌরীপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ও বিশ্ব খাদ্য দিবস পালন

‘নারী কৃষকদের হাতেই আগামীর খাদ্য নিরাপদ’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ও বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ভিটেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা কেরানিগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি (কেএইচআরডিএস) এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, জাতিসংঘ কর্তৃক নির্ধারিত প্রতি বছর ১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ও ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়ে আসছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান খন্দকার ফজিলাতুন্নেছা।
সভাপতির বক্তব্যে খন্দকার ফজিলাতুন্নেছা জানান, আমাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে কৃষি। কৃষিতে নারীদেরকে বাইরে রেখে অর্থনীতিকে শক্তিশালী করার সুযোগ নেই। গ্রামীণ এলাকায় বসবাসকারী নারী ও মেয়েদেরকে কৃষির উন্নয়নে সম্পৃক্ত করতে পারলে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আমাদের দেশ পৃথিবীর জনসংখ্যাধিক্য দেশ। এই দেশের অনেক মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বাস করছে। দারিদ্র্য সীমা কাটিয়ে উঠতে না পারলে আমরা যে দারিদ্র্য দুষ্টচক্রের মধ্যে আবদ্ধ হয়েছি তা থেকে বের হতে পারবো না। তাই, আমাদেরকে দেশের সব মানুষের জন্য প্রথম মৌলিক চাহিদা অনুযায়ী পুষ্টিকর ও পর্যাপ্ত খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। এজন্য তিনি আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিমু, উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ চৌধুরী, সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আঃ ছাত্তার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতল মনি প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিরাপত্তার দায়িত্ব ছেড়ে পোশাক পরে গানের অনুষ্ঠানে এএসআই, শাস্তি পেয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত

পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব ফেলে পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান