প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজশাহীতে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

অঞ্জলি, আরতি ও ভাবগম্ভীর পূজা-অর্চনার মধ্য দিয়ে আজ বুধবার বিজয়া দশমীতে শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ, সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী সিঁদুর খেলা ও সিঁদুর উৎসব শেষে বিকেল থেকে পদ্মানদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনব্যাপী এই উৎসব। উল্লেখ্য, গত শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এ বছরের শারদীয় দুর্গোৎসব।

এদিকে পূজা চলাকালে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর এবং স্থানীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে এবারের রাজশাহীর দুর্গাপূজা পেয়েছে ভিন্ন মাত্রা এবং হয়ে উঠেছিল আরও বেশি আনন্দমুখর।

রাজশাহী মহানগর ও জেলা পুলিশের দেওয়া তথ্য মতে, এ বছর রাজশাহীতে সাড়ে চার শতাধিক মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মণ্ডপেই নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, রাজশাহী মহানগরীতে এ বছর ১০৯টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশি পাহারার পাশাপাশি পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা ও নিজস্ব স্বেচ্ছাসেবক প্রহরীর ব্যবস্থা রাখা হয়েছিল। এ ছাড়া দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপে নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথ করা হয়, যার ফলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উদযাপিত হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিকেলের মধ্যে নির্ধারিত স্থানে পদ্মানদীতে প্রতিমা বিসর্জনের জন্য পূজা কমিটিকে নির্দেশনাবলী প্রদান করা হয়েছে। সার্বিক নিরাপত্তা ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবারের পূজা সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিরাপত্তার দায়িত্ব ছেড়ে পোশাক পরে গানের অনুষ্ঠানে এএসআই, শাস্তি পেয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত

পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব ফেলে পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান