
রংপুরের কাউনিয়ায় দেবী দুর্গার বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে পৃথকভাবে দেবী দুর্গার সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের প্রতিমাও বিসর্জন দেওয়া হয়। দশমীর সকাল থেকে দেবীর চরণে শেষ অঞ্জলি নিবেদন করে বিদায় জানান ভক্তরা। এ সময় ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠে পুজামণ্ডপগুলো। ভক্তদের ধর্মীয় আচার-আরাধনা শেষে বিকেল থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। এবারে উপজেলায় ৭৫টি পূজামণ্ডপে সাড়ম্বরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। দেখা গেছে, বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয়। এর মধ্যে তিস্তানদীতেই অধিকাংশ দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এছাড়া উপজেলার বিভিন্ন নির্ধারিত স্থানেও প্রতিমাগুলোর বিসর্জন সম্পন্ন হয়। হিন্দু শাস্ত্র মতে, বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যান। এদিকে উৎসবের শেষ দিনের আয়োজন নির্বিঘ্নে করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পূজামণ্ডপ, শোভাযাত্রা ও বিসর্জনস্থলে আইনশৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক বিজয় গোস্বামী বকুল বলেন, দেবী দুর্গা প্রতিবছর মর্ত্যে আসেন অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তি প্রতিষ্ঠার বার্তা নিয়ে। পূজা শেষে তাঁর কৈলাসে প্রত্যাবর্তনে ভক্তদের মধ্যে তৈরি হয় অশ্রুসিক্ত বিদায়ের আবহ।




