
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পঞ্চনন্দপুর গ্রামে হট এন্ড স্পাইসি রেস্টুরেন্টের পাশের একটি পুকুরে ভেসে ওঠা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম বাচ্চু মিয়া (৪৫)। তিনি হালুয়াঘাট উপজেলার জন্মপুরা গ্রামের বাসিন্দা এবং ধোবাউড়া বাজারের ধামরাই হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।
হোটেলের মালিক রতন চন্দ্র পাল জানান, গত বৃহস্পতিবারের পর থেকে বাচ্চু মিয়া আর কাজে আসেননি। হঠাৎ তার মরদেহ পুকুরে ভেসে ওঠায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা তদন্তের পর জানা যাবে।





