
মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজও বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা
আজ সোমবার সকালে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা কারখানা ছেড়ে রাস্তায় নেমে আসেন।
তারা কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী, সফিপুর ও মৌচাক এলাকায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এ সময় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও চালকেরা।
জানতে চাইলে নাওজোর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, মহাসড়ক ও শিল্প কারখানাগুলোর সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন বলেন, ‘শ্রমিক আন্দোলনের কারণে গতকাল গাজীপুরে ৪৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। আজও বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছে।’


