
নীলফামারীতে এনসিসি ব্যাংক পিএলসি’র উদ্যোগে ১ হাজার ৫০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম সামসুল আরেফিন। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকটির চেয়ারম্যান আলহাজ্ব মো. নূরুন নেওয়াজ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়রা মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, এনসিসি ব্যাংক শুধু ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে না, তারা কৃষকদের কল্যাণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। ব্যাংকটি তাদের মুনাফার একটি অংশ থেকে কৃষকদের কৃষি উপকরণ প্রদান করছে।
এ সময় ব্যাংকটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তুহিন বলেন, নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি বাস দেওয়ার জন্য তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটির কাছে অনুরোধ জানিয়েছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ সেই অনুরোধ গ্রহণ করেছে। দ্রুতই কলেজটি বাস পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ধরনের উদ্যোগ আগে গ্রহণ করা হয়নি বলেও উল্লেখ করেন সাবেক এই সংসদ সদস্য।
অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম সামসুল আরেফিন জানান, প্রত্যেক কৃষককে ২০ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার, ১০ কেজি জিপসাম, ১ কেজি জিংক এবং ৫ কেজি ধানবীজ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নীলফামারী সদর ছাড়াও ডোমার ও ডিমলা উপজেলায় ৫০০ জন করে কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। তিন উপজেলায় মোট ১ হাজার ৫০০ কৃষক এ কর্মসূচির আওতায় সুবিধা পাচ্ছেন।
