নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা শিক্ষকদের নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠা ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থী আরাফাত হোসেন আদিবের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা শিক্ষকদের নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠা ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থী আরাফাত হোসেন আদিবের মৃত্যু ।

 হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাজাদপুর এলাকার কামলা বাড়িতে তার মৃত্যু হয়।

আদিব ওই এলাকার শাহাব উদ্দিনের ছেলে। সে লোহারপুল দারুস সালাম মডেল মাদ্রাসার হিফজ বিভাগের নবম পারার শিক্ষার্থী ছিল।
শিশুটির মা আয়েশা আক্তারের অভিযোগ, মাদ্রাসার পরিচালক দেলোয়ার হোসেন ও শিক্ষক শাব্বির আহমেদ প্রায় দুই বছর ধরে মাদ্রাসার আবাসিক হোস্টেলে রেখে তাঁর ছেলেকে শারীরিক নির্যাতন করতেন। গত ১৫ অক্টোবর ওই দুই শিক্ষক মাদ্রাসায় আদিবকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাকে আছাড়ও মারা হয়।
আয়েশা আক্তারের দাবি, ওই মারধরের পর আদিবের লিভারে সমস্যা দেখা দেয় এবং শরীরের এক পাশ অবশ হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে বসুরহাটের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মাইজদী হয়ে ঢাকার শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল।
ছেলেকে নির্যাতনের অভিযোগ তুলে সম্প্রতি সাংবাদিকদের কাছে বক্তব্য দেন আয়েশা আক্তার। তাঁর সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।
সোমবার দুপুরে আদিবের এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, ‘আমার চাচাতো ভাই আজ সকাল ১০টার দিকে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষনিশ্বাস ত্যাগ করেছে। আমরা ওই শিক্ষকদের বিরুদ্ধে হত্যা মামলা করার জন্য থানায় অবস্থান করছি।’
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার রুমা বলেন, ‘তাঁরা মামলা করার জন্য থানায় এসেছেন। ওসি স্যারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন