জামায়াতের সঙ্গে এনসিপির আজ হোক আর কাল হোক এই সংসার ভাঙতেই হবে : রাশেদ খাঁন

নেতৃত্বশূন্য হতে না চাইলে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দল গোছানোয় মনোযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি আরও বলেন, আজ হোক আর কাল হোক এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে। এনসিপির রাজনৈতিক উত্থানের জন্যই এটি প্রয়োজন।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেছেন, জামায়াতের সঙ্গে এনসিপির সংসার কন্টিনিউ করা কখনোই সম্ভব হবে না। আজ হোক আর কাল হোক এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে। এনসিপির রাজনৈতিক উত্থানের জন্যই এটি প্রয়োজন। আর যদি স্বল্পমেয়াদি ক্ষমতার মোহে এনসিপি মনে করে সংসদীয় রাজনীতির জন্য কিছু আসন পাওয়াই তাদের লক্ষ্য, তবে সেটা ভিন্ন বিষয়। সেক্ষেত্রে মাঝেমধ্যে রাগ-ক্ষোভ ও অভিমানের বহিঃপ্রকাশ ঘটিয়ে কিংবা কখনো আপস-মীমাংসা করে জামায়াত-এনসিপির মধ্যে সতীনের সংসার টিকিয়ে রাখতে হবে।

এনসিপি থেকে পদত্যাগ করা নারী নেত্রীদের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সামান্তা শারমিন, ডা. তাসনীম জারা, তাসনুভা জাবিনসহ অনেক উদীয়মান নারী নেতৃত্ব এনসিপি ছেড়েছে। নারীদের মধ্যে যারা জামায়াতি মতাদর্শের বাইরে স্বতন্ত্রভাবে চিন্তা করে তারাও এনসিপিতে কোণঠাসা। এছাড়া কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলসহ ১০ জন গুরুত্বপূর্ণ নেতা জাতীয় নির্বাচনের আগে একযোগে এনসিপি থেকে পদত্যাগ করেছিল। জাতীয় নির্বাচনেরও পরেও অসংখ্য নেতা পদত্যাগ করেছে এবং ধারাবাহিকভাবে পদত্যাগের এই সংখ্যা বাড়ছে।

এ সময় তিনি পরামর্শ দেন, এনসিপি স্বতন্ত্র চিন্তার অধিকারী নেতৃত্বশূন্য হতে না চাইলে অবশ্যই জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপিকে দল গোছানোর দিকে মনোযোগ দিতে হবে। জামায়াতের ছায়াতলে এনসিপির মতো চারাগাছ কখনোই আলাদাভাবে আলো বাতাস পাবে না, বরং ধীরে ধীরে পরগাছার মতো হয়ে যাবে।

রাশেদ খাঁন প্রশ্ন রেখে আরও বলেন, জামায়াতের নেতৃত্বে এনসিপি থাকলে কেনো ‘I hate politics’ (রাজনীতিকে ঘৃণা করি) চিন্তার তরুণরা ‘I love politics’ (রাজনীতিকে ভালোবাসি) বলে এনসিপি যুক্ত হবে? বর্তমানে জামায়াতের গাজী নজরুল ইসলাম, আমির হামজা, মেজর আখতারুজ্জামান ছাড়া আর কী অর্জন আছে?

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন