সীতাকুণ্ডে কথাকলি উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১৯ ফ্যানসহ বৈদ্যুতিক তার লুট

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় অবস্থিত কথাকলি উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের ছয়টি কক্ষের দরজা ভেঙে ১৯টি সিলিং ফ্যান ও তিন কয়েল বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল আলীমের সীতাকুণ্ড মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে বিদ্যালয়ের কার্যক্রম শেষে শিক্ষকরা শ্রেণিকক্ষের দরজা-জানালা বন্ধ করে বাড়ি চলে যান। এরপর টানা তিন দিন বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে দুর্বৃত্তরা চুরির ঘটনা ঘটায়।
গত ৯ নভেম্বর সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে ছয়টি কক্ষের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে কক্ষগুলো পরিদর্শন করে ১৯টি সিলিং ফ্যান ও তিন কয়েল বৈদ্যুতিক তার চুরির বিষয়টি নিশ্চিত হন।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল আলীম অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন