রাজশাহী মহানগর যুবদলের কমিটিতে মতিহারের দুই নেতা, আনন্দিত এলাকাবাসী

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজশাহী মহানগর শাখার নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন মতিহার থানার দুই সন্তান। তাঁদের মধ্যে বশির উদ্দিন সনিকে যুগ্ম আহ্বায়ক এবং তারিকুল ইসলাম কনককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী মহানগর যুবদলের নতুন কমিটির এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রম, আন্দোলন-সংগ্রাম ও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বশির উদ্দিন সনি ও তারিকুল ইসলাম কনক। নতুন কমিটিতে তাঁদের অন্তর্ভুক্তির খবরে মতিহার থানার নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দলের দুঃসময়ে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁরা নিজেদের সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন। নতুন কমিটিতে তাঁদের দায়িত্ব পাওয়ায় মতিহারবাসী গর্বিত। তাঁরা আশা করছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে দুই নেতা রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

নতুন কমিটিতে দায়িত্ব পাওয়ায় বশির উদ্দিন সনি ও তারিকুল ইসলাম কনককে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন