হাসিনার প্রবেশের পথ খুঁজতে সাদা গাড়িতে এসেছিলেন আ.লীগের শীর্ষ ৪ নেতা, সীমান্তে ছিলেন ২ ঘণ্টা

ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত ঘুরে গিয়েছেন সেখানে পলাতক থাকা আওয়ামী লীগের শীর্ষ চার নেতা।

রোববার (২২ নভেম্বর) একটি সাদা গাড়িতে করে সেখানে পৌঁছান। তারা প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থান করেন। দেশটির একাধিক সংবাদমাধ্যমের দাবি, ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে তাদের রুদ্ধদ্বার বৈঠকও হয়।

তবে বৈঠকের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ওই চার নেতার এ সফর এমন সময়ে হলো, যখন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ নিয়ে আলোচনা চলছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান আওয়ামী লীগের নেতারা। তাদের মধ্যে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। প্রায় দুই ঘণ্টা পর তারা কলকাতার উদ্দেশে রওনা হন।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে শুধু একটি সীমান্তপথের ওপর নির্ভর করতে চাইছেন না আওয়ামী লীগের নেতারা। বিকল্প পথের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও তাদের পর্যবেক্ষণের পরিকল্পনায় রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার তাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাতায়াতের পথ ও সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে।এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ খতিয়ে দেখতেই নেতারা সীমান্তে গিয়েছিলেন কিনা, তা নিয়ে আলোচনা চলছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের একাংশে আলোচনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইমিগ্রেশন সেন্টারে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে ভারতীয় অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা পেট্রাপোল থানার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

file_6721

Почему минимализм в гардеробе оказывается популярнее Современный ритм жизни заставляет