ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে  ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। সভায় উপস্থিত ছিলেন   ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
সভায় দিবসগুলো যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি, সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব বণ্টন, সমন্বয় এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।
ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ জাতীয় দিবসগুলো যথাযথভাবে উদযাপনে আয়োজকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বিভিন্ন সংগঠন ও অংশগ্রহণকারীদের মধ্যে কাজের দায়িত্ব ভাগ করে দিয়ে উপকমিটি গঠনের মাধ্যমে সমন্বিতভাবে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। আসন্ন কর্মসূচিগুলো সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতন করতে ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের  আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় জানানো হয়,  ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে এবার রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে টাউন হল পর্যন্ত র‌্যালি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। র‌্যালি শেষে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে  আলোচনাসভা অনুষ্ঠিত হবে। দিবসটির গুরুত্ব ও ময়মনসিংহের মুক্তিযুদ্ধের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন স্থানে ব্যানার স্থাপন এবং সিটি কর্পোরেশনের ডিজিটাল ডিসপ্লেতে প্রচারের উদ্যোগ নেওয়া হবে।
১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে সকাল ৯ টায়  থানাঘাটের  বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন, সকাল  ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে  পুষ্পস্তবক অর্পণ,  কুচকাওয়াজ, স্কুল-কলেজে আলোচনা সভার আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ  জানানো ও তাদের  অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা  হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া দিবসগুলোকে আরও উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে, ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচসহ নানা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এসব কর্মসূচি সম্মিলিতভাবে বাস্তবায়ন করা হবে। শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম ও ঐতিহাসিক চেতনা জাগ্রত করাই এসব আয়োজনের মূল লক্ষ্য।
ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান এর সঞ্চালনায় সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দিবস উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন