বালিয়াকান্দিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প করবে পপুলার মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আবারও মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে বালিয়াকান্দি পপুলার মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে আয়োজন করা হয়েছে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন এলাকার মানুষ।
আগামী ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার বালিয়াকান্দি পপুলার মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এদিন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের আন্তরিকভাবে চিকিৎসা পরামর্শ প্রদান করা হবে।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করবেন বালিয়াকান্দির কৃতি সন্তান, ডায়াবেটিস ও শিশু মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অপূর্ব রায়। তিনি এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডিএইচ, সিসিডি (বারডেম) ডিগ্রিধারী এবং বোস্টন ইউনিভার্সিটি, আমেরিকা থেকে শিশু পুষ্টিতে ফেলোশিপ অর্জন করেছেন। পাশাপাশি তিনি পিজিটি (মেডিসিন) এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা থেকে কার্ডিওলজিতে সার্টিফিকেট সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ডায়াবেটিস ও শিশু মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।
এছাড়াও ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করবেন তাঁর সহধর্মিণী, গাইনি ও প্রসূতি বিদ্যা এবং বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ সার্জন ডাঃ তৃপ্তি সরকার। তিনি এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (গাইনি এন্ড অবস) ডিগ্রিধারী এবং বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কনসালটেন্ট (গাইনি এন্ড অবস) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্টার (গাইনি এন্ড অবস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পপুলার মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ম্যানেজার সঞ্জয় শর্মা বলেন, অনেক সময় গ্রামের সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ পান না। সেই কথা মাথায় রেখেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৯ মার্চ এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার মানুষ সহজেই অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ নিতে পারবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন