লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ: মারধর ও হত্যার হুমকির অভিযোগ

 লক্ষ্মীপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রিতা আক্তার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর মজুপুর এলাকার বাসিন্দা রিতা আক্তারের সঙ্গে একই এলাকার জেসমিন আক্তার, সোহান হোসেন ও মো. রনির মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধের জেরে অভিযুক্তরা ভুক্তভোগীর চলাচলের রাস্তা বন্ধ করে দেয় বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে রিতা আক্তার উল্লেখ করেন, গত ১৭ মার্চ সকাল প্রায় ১১টার দিকে অভিযুক্তরা আদালতের রায় অমান্য করে তার মালিকানাধীন জমিতে জোরপূর্বক নির্মাণ কাজ শুরু করে। এতে বাধা দিলে তার মা আমেনা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে রিতা আক্তার এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগীর মা আমেনা বেগম বলেন, “আমরা উত্তরাধিকার ও ক্রয়সূত্রে জমির মালিক। দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে আসছি। কয়েক বছর আগে জেসমিন আক্তাররা জমি কিনে বাড়ি নির্মাণ করে এবং জোরপূর্বক আমাদের জমির একটি অংশ দখল করে রাখে। তারা চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। বাধা দিতে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়। আমরা চাই জমি মেপে যার যতটুকু প্রাপ্য, তা বুঝিয়ে দেওয়া হোক এবং চলাচলের রাস্তা উন্মুক্ত করা হোক।”

অভিযুক্ত জেসমিন আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি কোনো চলাচলের রাস্তা নয়, এটি আমাদের ক্রয়কৃত জমি। আমাদের জমিতে দেয়াল নির্মাণ করা হচ্ছে। আমেনা বেগম আমাদের পুকুরঘাটসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলেছেন এবং নির্মাণ কাজে বাধা দিচ্ছেন। আমরা এ বিষয়ে সুষ্ঠু সমাধান চাই।”

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা সাব্বির হোসেন পাটওয়ারী জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন