সুনামগঞ্জের মধ্যনগরে চোরাচালানকৃত মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ ২০২৬) সন্ধ্যায় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহেষখলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার সাউদপাড়া গ্রামের মৃত কাছম আলীর পুত্র।
পুলিশ জানায়, চোরাচালানকৃত মালামাল বিজিবির কাছ থেকে মব সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আব্দুল আলী ওরফে আলীমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে রাত সাড়ে ৯টার দিকে থানায় আনা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, চোরাচালানকৃত মালামাল ছিনিয়ে নেওয়ার মতো আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।




