ঈশ্বরগঞ্জে জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন, এই বর্বরতার শেষ কোথায়

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি-জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম (৬৫) সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামের প্রয়াত ছফির উদ্দিনের ছেলে। অভিযুক্ত মোহাম্মদ কাশেম (৫৫) একই গ্রামের প্রয়াত আবদুর রহমানের ছেলে। সম্পর্কে তারা ফুফাতো-মামাতো ভাই হলেও স্থানীয়দের কাছে ঘনিষ্ঠ আত্মীয় হিসেবেই পরিচিত। তাদের বাড়িঘর পাশাপাশি হওয়ায় জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরেই চলছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে আতকাপাড়া এলাকায় আবুল কালামের ওপর হামলা চালায় কাশেম। পূর্ব বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত কাশেম পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয়দের মতে, সামান্য জমি নিয়ে বিরোধ থেকে এমন নির্মম হত্যাকাণ্ড সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। আত্মীয়তার বন্ধন ছিন্ন করে সহিংসতার এ প্রবণতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন