২৬ দিনে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার

দেশজুড়ে অবৈধ জ্বালানি তেল মজুত ও পাচার রোধে বিশেষ অভিযান চালিয়ে মাত্র ২৬ দিনে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার তেল জব্দ করা হয়েছে। এ তথ্য সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন।

জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চলা অভিযানে সারাদেশে মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এর ফলে ১ হাজার ৫৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জব্দকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যা প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার। এছাড়া অভিযান চলাকালে ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। অবৈধ মজুতের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সরকার জানিয়েছে, জ্বালানি খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান নিয়মিত ও কঠোরভাবে চালানো হবে। এছাড়া, জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইতোমধ্যেই অবৈধ মজুত ও পাচারকারীদের তথ্য প্রদানকারীদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার।

দেশের প্রতিটি জেলায় বিশেষ ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং জনগণের সুবিধার্থে তাদের মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে। ভিজিলেন্স টিমের মাধ্যমে যেকোনো তথ্য সরাসরি মন্ত্রণালয়ে পৌঁছে দিলে অবৈধ কার্যক্রম রোধে সহায়ক হবে বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামীতে জ্বালানি সরবরাহের স্বাভাবিকতা বজায় রাখতে এবং অবৈধ মজুতের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হবে। অভিযান চলাকালীন সময়ে জনগণকে সচেতন ও তথ্য সরবরাহে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন