কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামে কুকুরকে লাথি দেওয়াকে কেন্দ্র করে বিরোধে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রামের মধ্যপাড়ায় আশরবের বাড়ির সামনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত জুলুস মিয়া (৫৫) ওই গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।
জানা গেছে, একই গ্রামের সিদ্দিকের ছেলে কামাল (৩৫) একটি কুকুরকে লাথি দিলে জুলুস মিয়া প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষের সময় কামাল জুলুস মিয়ার অণ্ডকোষে লাথি মারলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত কামালের ভাই আনোয়ার (২৮), আলী আহম্মদ (৩০) এবং চাচাতো ভাই ফখরুলের নাম উল্লেখ করেছেন।
নিহতের নাতি আকাশ গণমাধ্যমকে বলেন, তিনি চিৎকার শুনে গিয়ে দেখেন তার দাদা মাটিতে পড়ে আছেন, আর বাকিরা পালিয়ে যাচ্ছে। এ সময় আনোয়ার দা নিয়ে তার দিকে তেড়ে আসে। পরে হাসপাতাল থেকে জানা যায়, জুলুস মিয়া মারা গেছেন।
নিহতের ভাতিজা মো. রোমান বলেন, তার চাচার ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তিনি কৃষিকাজ করে পরিবার চালাতেন। নিহতের বড় ছেলে ইব্রাহিম (১৪) কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি তার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চান।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির গণমাধ্যমকে বলেন, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




