সিলেটের কানাইঘাট পৌরসভার বাজারের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক ও অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। বাজারের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তূপ, ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা এবং নোংরা পানির কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়, বাজারের ভেতরের ড্রেনগুলো ময়লা ও প্লাস্টিক বর্জ্যে ভরে গেছে। অনেক জায়গায় ড্রেন উপচে নোংরা পানি রাস্তায় উঠে এসেছে। এসব ময়লা-আবর্জনার পাশে খোলা অবস্থায় মাছ, মাংস ও সবজি বিক্রি করা হচ্ছে। ফলে মাছি ও পোকামাকড় খাবারের ওপর বসছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এদিকে কানাইঘাট পৌর এলাকায় সিএনজি, মিশুক ও অটোরিকশার ভাড়া নির্ধারিত তালিকা না থাকায় চালকরা ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন ছাত্র-ছাত্রী ও সাধারণ যাত্রীরা। দ্রুত ভাড়ার নির্ধারিত তালিকা প্রণয়ন ও তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন পৌরসভার সচেতন নাগরিক ও ছাত্রসমাজ।
সচেতন মহল মনে করেন, পৌরসভা কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর সমন্বিতভাবে উদ্যোগ নিলে বাজারের পরিবেশ দ্রুত উন্নয়ন করা সম্ভব। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং বাজার মনিটরিং জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।




