কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার ময়ান মোড় এলাকায় প্রাইভেট কার ও মালবাহী করিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও উভয় যান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে একটি প্রাইভেট কার কুমারখালী থেকে কুষ্টিয়ার অভিমুখে যাচ্ছিল। গাড়িটি ময়ান মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক (কুষ্টিয়া) থেকে আসা একটি মালবাহী করিমনের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় মালবাহী করিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। অন্যদিকে, প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন।
এই দুর্ঘটনায় করিমন চালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে প্রাইভেট কারের যাত্রীরা বড় ধরণের কোনো শারীরিক ক্ষতি ছাড়াই বেঁচে গেছেন।
দুর্ঘটনার পর সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।




