শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সক্রিয় দালাল চক্রের ১৫ সদস্য গ্রেফতার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাদের ফরিদপুরের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
ডিবি পুলিশের সূত্রে জানা যায়, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে রোগী ও স্বজনদের বিভিন্নভাবে হয়রানি, প্রতারণা এবং নির্দিষ্ট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার অভিযোগে একটি দালাল চক্র সক্রিয় ছিল। এ অবস্থায় বিশেষ অভিযান চালিয়ে চক্রটির ১৫ সদস্যকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে। তারা ফরিদপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে এসে হাসপাতালে দালালি কার্যক্রমে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মনি (৩১), রেহানা (৩২), রুমা (৫০), হেলেনা (৪২), মামুন (৩৮), রাকিব (২৫), ইব্রাহিম (৩৮), লিটন শেখ (২৯), রিপন শেখ (৪০), খোদেজা (৫৫), রাশেদা (৪৮), সৈয়দ ফেরদৌস আহমেদ রনি (৩৭), মিন্টু (৩০), মাসুদ হাসান (২৯) ও কাউসার হোসেন (২৬)।
তাদের মধ্যে কয়েকজন ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট, হারুকান্দি, ধুলদী, ভাটপাড়া, আলিপুর ও কবিরপুর এলাকার বাসিন্দা। এছাড়া মাগুরার শ্রীপুর ও ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দাও রয়েছে।
বর্তমানে গ্রেফতারকৃতদের কোতোয়ালি থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি পুলিশ জানিয়েছে, এ চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতাল এলাকায় রোগী ও স্বজনদের হয়রানি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন