আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঠনঠনিয়া এবং গোহাইল রোড, সিএন্ডবি সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফেরদৌস ট্রেডার্স নামক বেক্সিমকোর একজন ডিলারকে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় দেখা যায় গত (২ এপ্রিল) সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের পূর্বেই ক্রয় কৃত সিলিন্ডার গ্যাস ১৯০০ টাকায় বিক্রয় করছেন, যা ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন। এ সময় প্রতিষ্ঠানটিকে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও ঠনঠনিয়া এলাকায় অবস্থিত মহরম আলী দই ঘরে তদারকিকালে দেখা যায় বিপুল পরিমাণে ফুল ক্রিম মিল্ক পাউডার অর্থাৎ পাউডার দুধের মিশ্রণে দই তৈরি করা হচ্ছে যা ভোক্তা সাধারণের সাথে প্রতারণার সামিল। এই অপরাধে মহরম আলী দই ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।প্রতিষ্ঠানটি পরবর্তীতে আর মিল্ক পাউডার ব্যবহার করে দই তৈরি করবে না অঙ্গীকার করেছেন।অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশের একটি চৌকষ টীম।




