মঙ্গলবার,১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংগাইরে তিন কালভার্ট নির্মাণ প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন তিনটি কালভার্ট নির্মাণ প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া, জয়মন্টপ ইউনিয়নের বেপারীপাড়া এবং চান্দহর ইউনিয়নের রিফাতপুর চকে—এই তিনটি কালভার্ট নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আনিস এন্টারপ্রাইজ। ফোর্ডনগর মোল্লাপাড়া, বেইজ ঢালাইয়ের পরই বন্ধ কাজ : সরেজমিনে দেখা গেছে, ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়ায় ১১ মিটার দীর্ঘ একটি কালভার্টের নির্মাণ ব্যয় ধরা হয় ৪০ লাখ ৫০ হাজার টাকা। ২০২৪ সালের ১৬ মে কাজ শুরু হয়ে একই বছরের ১৬ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কেবল বেইজ ঢালাই করে কাজ বন্ধ করে দেয়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় এক বছর আগে কাজ বন্ধ হয়ে যাওয়ার পর আর কোনো অগ্রগতি হয়নি। ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। গ্রামের বাসিন্দা ও দলিল লেখক আইয়ুব মোল্লা বলেন, “দ্রুত কালভার্টের কাজ শেষ না হলে আগামী বর্ষা মৌসুমে মানুষের ভোগান্তি চরমে পৌঁছাবে।” জয়মন্টপে সংযোগ সড়ক ছাড়া অকার্যকর কালভার্ট : জয়মন্টপ ইউনিয়নের নীলটেক বেপারীপাড়ায় ২৩ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৬ মিটার দীর্ঘ একটি কালভার্ট প্রায় এক বছর আগে সম্পন্ন হলেও দুই পাশের সংযোগস্থলে মাটি ভরাট না করায় সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। ফলে পূর্ব ও পশ্চিম পাশের গ্রামবাসী যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা দ্রুত সংযোগ সড়ক ভরাটের দাবি জানিয়েছেন। রিফাতপুর চকে একই চিত্র : চান্দহর ইউনিয়নের রিফাতপুর চকে ডালিপাড়া–রিফাতপুর সড়কে ১১ মিটার দীর্ঘ আরেকটি কালভার্ট নির্মাণে ব্যয় ধরা হয় ৪০ লাখ ৫০ হাজার টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এক বছর আগে। অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রায় ২০ লাখ টাকার বিল উত্তোলন করেছে। অথচ কালভার্টের দুই পাশের সংযোগস্থলে মাটি ভরাট না করায় এটি কার্যত অচল হয়ে রয়েছে। রিফাতপুর গ্রামের বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কলিমুদ্দিন সিকদার অভিযোগ করে বলেন, “ঠিকাদার আমাদের কোনো গুরুত্ব দিচ্ছে না। দ্রুত কালভার্টের দুই পাশে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করার দাবি জানাচ্ছি।” ঠিকাদারী প্রতিষ্ঠানে আশ্বাস : তিন কালভার্টের  ঠিকাদারী প্রতিষ্ঠান আনিস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অভিযুক্ত মো: আনিসুর রহমান বলেন, জনবল সঙ্কটের কারণে কাজগুলো  সাময়িকভাবে বন্ধ রয়েছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে কাজ চলবে।  আশা করি আগামী জুনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ  হবে। কর্তৃপক্ষের সতর্কতা : সিংগাইর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেন বলেন, “ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়া হয়েছে। লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। কাজ সম্পন্নের আগেই বিল দাবি করা নিয়মবহির্ভূত। দ্রুত কাজ শেষ না করলে তাঁর লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে।” এদিকে এলাকাবাসীর প্রশ্ন—দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ পড়ে থাকা এসব প্রকল্পের দায় নেবে কে? দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষায় জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।

Read More »