আইন কি সবার জন্য সমান নয়? রামু রাজারকুলে বনবিভাগের উচ্ছেদ এবং কিছু জ্বলন্ত প্রশ্ন

‎রামু রাজারকুলে বনবিভাগ কর্তৃক একটি বসতগৃহ গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নজরে এসেছে। একজন আইনপেশার মানুষ হিসেবে আমার বক্তব্য স্পষ্ট—বনবিভাগের জায়গায় অবৈধভাবে বসতঘর নির্মাণ করা নিশ্চিতভাবেই অপরাধ। তাই অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার আইনি পদক্ষেপে আমার কোনো আপত্তি নেই। আইন তার নিজস্ব গতিতে চলুক।

‎কিন্তু আমার প্রশ্ন ও আপত্তির জায়গাটি সম্পূর্ণ ভিন্ন, যা আজ একজন আইনজীবী ও সচেতন নাগরিক হিসেবে আমাকে বলতে বাধ্য করছে।

‎এই ঘরগুলো যদি অবৈধ হয়, তবে পাশের ঘরগুলো নয় কেন?

‎সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে, ভেঙে ফেলা বাড়িটির আশেপাশে আরও বেশ কিছু বসতঘর রয়েছে। এই উচ্ছেদ হওয়া ঘরটি যদি বনবিভাগের জায়গায় হয়ে থাকে, তবে পাশের ঘরগুলোও নিশ্চিতভাবে বনবিভাগের জায়গাতেই। যদি এই ঘরটি অবৈধ হয়, তবে অন্য ঘরগুলোও অবৈধ। ভাঙতে হলে সব ঘর ভাঙা হোক, সিলেক্টিভ বা বেছে বেছে কেন?

‎ভোটের সময় সব বৈধ, ভোটের পরে অবৈধ?

‎সবচেয়ে বড় বৈপরীত্য হলো—এই এলাকার মানুষের ভোট নিয়ে মেম্বার, চেয়ারম্যান, এমপি এমনকি প্রধানমন্ত্রী নির্বাচিত হন! যদি এই ঘরবাড়ি বা এই অঞ্চলের মানুষগুলো অবৈধই হয়ে থাকে, তবে তাদের দেওয়া **ন্যাশনাল আইডি (NID) এবং জন্মনিবন্ধন** কি বৈধ? অবৈধ নাগরিক বা অবৈধ বাসিন্দাদের ভোটে কীভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হয়? ভোটের আগে যদি সব বৈধ হয়ে যায়, তবে ভোটের পরে কেন তারা আবার রাতারাতি অবৈধ হয়ে উচ্ছেদের মুখোমুখি হয়?

‎রাজনৈতিক প্রতিশ্রুতি ও উল্টো পথ:

‎নির্বাচনের আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব নিজে ঘোষণা দিয়েছিলেন এবং কথা দিয়েছিলেন যে, নির্বাচনের আগে পিএফ (PF/পৌর বা সংরক্ষিত) জায়গাগুলো বন্দোবস্ত করে দেওয়া হবে। কিন্তু নির্বাচিত হওয়ার পর এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র! কার ইশারায় আজ সাধারণ মানুষের ওপর এই জুলুম হচ্ছে? আজ সাধারণ মানুষের মনে তীব্র প্রশ্ন জেগেছে—দেশটা কি অন্য কোনো দেশের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, নাকি আমরা স্বাধীন দেশের নাগরিক? সাধারণ মানুষকে এভাবে উচ্ছেদ করার আসল কারণ কী?

 অসাধু কর্মচারী, ঘুষ এবং ‘ম্যানেজ’ সংস্কৃতি:

‎ আদালতে প্রায়ই একটা আক্ষেপ শুনতে পাই—বনবিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যারা ‘ম্যানেজ’ বা ঘুষ দিতে পারে, তারা রাতারাতি বৈধ হয়ে যায়! তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, তাদের ঘরও ভাঙা হয় না। আর যারা টাকা দিতে পারে না, কেবল তাদের বিরুদ্ধেই আইন প্রয়োগ হয়, মামলা দিয়ে ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। বনবিভাগের কর্মকর্তারা এই অপরাধ অহরহ করে যাচ্ছেন।

‎আইন সবার জন্য সমান হতে হবে। যারা ঘুষ দেয় তাদের জন্য এক আইন, আর যারা দেয় না বা দিতে পারে না তাদের জন্য আরেক আইন—একটি স্বাধীন রাষ্ট্রে তা কখনোই মেনে নেওয়া যায় না।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন