দেশের অন্যতম জনপ্রিয় ইসলামি রিয়েলিটি শো ‘ফ্রেশ ইসলামি অলিম্পিয়াড ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে বিশ্ববিদ্যালয় গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বরিশাল মূলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কৃতি সন্তান ক্বারী মো. মুমিনুল ইসলাম।
সম্প্রতি এটিএন নিউজের স্টুডিওতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় দেশজুড়ে কয়েক হাজার প্রতিভাবান প্রতিযোগীকে পেছনে ফেলে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন মুমিনুল।
বিজয়ীর হাতে প্রধান অতিথিরা চ্যাম্পিয়নের ট্রফি, সনদ এবং ১ লক্ষ টাকার চেক তুলে দেন। এছাড়াও বিশেষ উপহার হিসেবে ব্রাদার্স ফার্নিচারের পক্ষ থেকে গিফট হ্যাম্পার ও আলোক হেলথকেয়ারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় এক রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি হয়। সঞ্চালক যখন ‘সেরাদের সেরা’ হিসেবে মুমিনুল ইসলামের নাম ঘোষণা করেন, তখন হলরুমে উপস্থিত দর্শক ও শুভানুধ্যায়ীদের করতালিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। নিজের এই সাফল্যে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন মুমিনুল।
এলাকার আনন্দ
বরিশালের একজন মেধাবী শিক্ষার্থীর এমন জাতীয় পর্যায়ের অর্জনে তার এলাকায় আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তাকে অভিনন্দন জানাচ্ছেন। ইসলামি শিক্ষা ও সংস্কৃতির প্রসারে এই ধরনের প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




