সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ স্কাউটসের ‘ষষ্ঠক নেতা কোর্স’ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস উল্লাপাড়া উপজেলা শাখার আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দুপুরে শ্রীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
চার দিনব্যাপী এ কোর্সে উপজেলার ১০টি বিদ্যালয় থেকে দুইজন করে মোট ৪০ জন কাব শিশু অংশগ্রহণ করছে।
কোর্সের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইঁয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন ষষ্ঠক নেতা কোর্সের কোর্স লিডার এম এম আমিনুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের উপজেলা কমিশনার মোঃ আব্দুল মালেক, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা সমিতির উপজেলা শাখার সেক্রেটারি ও বাংলাদেশ স্কাউটস উল্লাপাড়া উপজেলা শাখার সহকারী কমিশনার শহিদুল ইসলাম, উপজেলা স্কাউটসের সম্পাদক আব্দুল মালেক, কোষাধ্যক্ষ মোঃ শাহ আলম, উপজেলা স্কাউটস লিডার মোঃ আব্দুল জব্বার এবং কাব লিডার মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।
কোর্সে অংশগ্রহণকারীদের স্কাউটিংয়ের নৈতিকতা, নেতৃত্ব বিকাশ, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
আয়োজকরা জানান, ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




