সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন এবং দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে দোয়া মাহফিল, চারা বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে লালমনিরহাট জেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকায় অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’-র উদ্যোগে এ মানবিক কর্মসূচি পালিত হয়।
সংস্থার সভাপতি মিজানুর রহমান শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা যুবদলের
আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ)।
অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া দিনটিকে স্মরণীয় ও মানবিক কার্যক্রমে রূপান্তর করতে দিনব্যাপী দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবু সাঈদ মাহমুদ, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান আকাশ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) লালমনিরহাট জেলা প্রতিনিধি বিপুল ইসলাম, বাংলাদেশ বেতার রংপুরের লালমনিরহাট প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্নাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠিত ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’ (সরকারি নিবন্ধন নম্বর: ১৭৩/০৪) “একসাথে গড়ি নতুন বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, প্রতিবন্ধী সেবা ও পুনর্বাসন, শিক্ষা, সামাজিক সচেতনতা এবং চিকিৎসাসেবাকেন্দ্রিক বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।




