গোবিন্দগঞ্জে পিটিয়ে হত্যার ঘটনায় র‍্যাবের অভিযানে আসামী গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাদল চন্দ্র বর্মন (৪৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি সপ্তম চন্দ্র বর্মন (২০)কে গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৩ ক্যাম্পের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষর করেন।
গ্রেফতারকৃত সপ্তম চন্দ্র বর্মন গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোড়গাছা (হিন্দুপাড়া) গ্রামের কানাই লাল বর্মণের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত বাদল চন্দ্র বর্মনের সঙ্গে প্রতিবেশী সপ্তম চন্দ্র বর্মনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত বছরের ২৪ অক্টোবর সকালে সপ্তম চন্দ্র বর্মন তার সহযোগীদের নিয়ে বাদল চন্দ্র বর্মনের বসতবাড়িতে হামলা চালায়। এসময় লাঠি ও দেশীয় অস্ত্রের আঘাতে বাদল চন্দ্র বর্মন গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে আসামি সপ্তম চন্দ্র বর্মনকে গ্রেফতার করে।
র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন