গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভূতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল ১০টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি জয়পুরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে দেশের চলমান গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, গ্রাহকদের ওপর ভূতুড়ে বিলের বোঝা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, অ্যাডভোকেট মামুনুর রশিদ, এস এম রাশেদুল আলম সবুজসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা বলেন, জনদুর্ভোগ নিরসন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় জনস্বার্থে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তারা জানান।
