ঘোড়াঘাটে ১৬ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী, দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ হাটের মাজার মোড় থেকে কুলানন্দপুর হয়ে সালিকাদহ পর্যন্ত ১৬ কিলোমিটার পাকা সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পুরো সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে দুই উপজেলার প্রায় ৩০টি গ্রামের লক্ষাধিক মানুষকে।
প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাই সংস্কারের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট ও রংপুরের পীরগঞ্জ উপজেলার মানুষ যাতায়াত করে। গত চার বছর আগে সড়কের মাত্র চার কিলোমিটার সংস্কার করা হয়েছিল। কিন্তু অতিবৃষ্টি এবং ভারী যানবাহন চলাচলের কারণে সেই অংশসহ পুরো ১৬ কিলোমিটার এলাকাজুড়ে এখন খানাখন্দ। অনেক জায়গায় সড়কের দুই পাশ দেবে গিয়ে সরু হয়ে গেছে। সড়কের এই বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।
ঘোড়াঘাটের বুলাকিপুর ইউনিয়ন সবজি চাষের জন্য পরিচিত। প্রতিদিন এই এলাকার কৃষকেরা তাদের উৎপাদিত ধান, মরিচ, পাট ও আলুসহ বিভিন্ন পণ্য উত্তরাঞ্চলের বড় হাট রাণীগঞ্জে নিয়ে যান। সড়কের বেহাল দশার কারণে পণ্য পরিবহনে সময় ও খরচ দুটোই বেড়েছে।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, সড়কটির বেহাল অবস্থার বিষয়টি কর্তৃপক্ষের নজরে রয়েছে। সড়কটির আংশিক উন্নয়নের জন্য ইতো মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হয়ে এলে দ্রুতই সংস্কার কাজ শুরু করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চট্রগ্রামে বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নে বঙ্গবন্ধু স্কুলের দক্ষিণ পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

‎চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিরচর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা