নড়াইল সদর উপজেলায় জ্বালানি তেল না পেয়ে পাম্পের ম্যানেজারের সঙ্গে ট্রাক চালকের বাকবিতন্ডার পর ম্যানেজার মো. নাহিদ সরদার (৩৫) চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। এ ঘটনার প্রধান আসামি ট্রাক চালক সুজাত আলী (৫০) কে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে (র্যাব- ৬ যশোর)।
রবিবার (২৯ মার্চ) রাতে র্যাব- ৬ কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ট্রাক চালক সুজাত আলী সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পড়লী গ্রামের তহিদুর মোল্যার ছেলে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার দিবাগত রাতে পাম্পে তেল না পেয়ে ম্যানেজার নাহিদ সরদারের সাথে বাকবিতন্ডার জড়াই। পরে রাত ২ :১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে সহকর্মীকে নিয়ে পাম্প থেকে বের হয় নাহিদ। সাথে সাথে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করে ট্রাকটি। পরে ট্রাকের চাপায় নাহিদ সরদার ঘটনাস্থলে মারা যায়। সাথে থাকা সহকর্মী জিহাদুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত নাহিদের চাচা ও তানভীর ফিলিং স্টেশনের মালিক মো. রবিউল ইসলাম ট্রাক চালক সুজাত মোল্যাকে প্রধান অভিযুক্ত করে রবিবার দুপুরে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।




