ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের মাল্টিপারপাস হল রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, প্রকল্পের জেলা ম্যানেজার মোছাঃ রুবি আক্তার, উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জিবরিল ইডেন, আতিকা ইসলাম ঋতু, অগ্নিশিখা, মিজানুর রহমান, রাশেদা আক্তারসহ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম আদালতের বর্তমান কার্যক্রম, মামলা নিষ্পত্তির হার এবং তৃণমূল পর্যায়ে বিচারিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প সময়ে ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে উল্লেখ করে কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান বক্তাগণ।



