দিনাজপুরের ঘোড়াঘাটে আকস্মিক শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ভুট্টাচাষীরা।
গত কয়েক দিনের অস্বাভাবিক আবহাওয়ার কারণে মাঠজুড়ে থাকা ভুট্টা গাছগুলো নষ্ট হয়ে গেছে, ফলে কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিস্তীর্ণ ভুট্টাক্ষেত শিলাবৃষ্টির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক ক্ষেতেই গাছ ভেঙে গেছে, আবার কোথাও জমে থাকা পানিতে ডুবে নষ্ট হচ্ছে ফসল। কৃষকরা জানান, এই সময়টাতে ভুট্টা ছিল দানা বাঁধার পর্যায়ে, ফলে ক্ষতির পরিমাণ আরও বেশি।
উপজেলার সোনারপাড়া গ্রামের কৃষক নাইমুর বলেন, “আমার প্রায় ৩ বিঘা জমির ভুট্টা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এত কষ্ট করে চাষ করেছিলাম, এখন সব শেষ। ঋণ করে চাষ করেছি, কীভাবে শোধ করবো বুঝতে পারছি না।”
লোহারবন্দ গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, “শিলা বৃষ্টির সময় মনে হচ্ছিল পাথর পড়ছে। কয়েক মিনিটের মধ্যেই পুরো ক্ষেত শেষ হয়ে গেল। এবার আর লাভ তো দূরের কথা, পুঁজি ফেরত পাওয়াই কঠিন হয়ে যাবে।”
ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সরকারি সহায়তা ও প্রণোদনার দাবি জানিয়েছেন, যাতে তারা আবার নতুন করে চাষাবাদ শুরু করতে পারেন।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, “১৬ মার্চের রাতে হঠাৎ শিলা বৃষ্টির কারণে ভুট্টাসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। আমরা মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা করছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে তাদের সরকারি সহায়তার আওতায় আনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করা হবে।” তিনি আরও জানান, আবহাওয়ার এই অনিশ্চয়তা মোকাবিলায় কৃষকদের আধুনিক পদ্ধতি ও সহনশীল জাতের ফসল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।




