নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় ১১ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আকতার খান (৫৫) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। সোমবার (৪ মে) সকালে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত আকতার খান উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের বাসিন্দা এবং লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে ফার্নিচারের ব্যবসা পরিচালনা করেন। স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (২ মে) দুপুরে বৃষ্টির সময় আলামুন্সির মোড় এলাকায় শিশুটি ঘোরাঘুরি করছিল। তখন দোকানি আকতার খান তাকে প্রলোভন দেখিয়ে দোকানের ভেতর নিয়ে যান এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হলেও পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি সাংবাদিকদের কাছে সব খুলে বলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আকতার খান পলাতক রয়েছেন এবং মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। গুচ্ছ গ্রামে বসবাসরত ভুক্তভোগী শিশুর দিনমজুর বাবা কান্নায় ভেঙে পড়ে এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ প্রসঙ্গে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান যে, শিশুর বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




