পীরগাছায় ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার স্লোগান: এলাকায় চাঞ্চল্য

রংপুরের পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও স্লোগান সংবলিত বস্তায় ভিজিএফের চাল বিতরণ করা নিয়ে ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম শুরু হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
উপজেলার ৯টি ইউনিয়নে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে ৪৮ হাজার ৩৯৭টি কার্ডের বিপরীতে ৪৮৩.৯৭০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। খাদ্য বিভাগ থেকে সরবরাহ করা ৩০ কেজির ওই প্রতিটি বস্তার ওপর খাদ্য অধিদপ্তরের মনোগ্রামসহ লেখা রয়েছে— ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’। এ ছাড়া বস্তায় উৎপাদনের সময়কাল ‘জুন-২০২৪’ উল্লেখ করা আছে।
সোমবার সকালে কান্দি ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তদারকি কর্মকর্তা হিসেবে খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান লেবুসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রীর স্লোগান থাকায় বিতরণকাজে অংশ নেওয়া কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
নাম প্রকাশ না করার শর্তে একজন ‘ট্যাগ অফিসার’ জানান, খাদ্য বিভাগের দায়িত্বহীনতার কারণে শত শত বস্তায় এই স্লোগান ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে অনেক জায়গায় বস্তা উল্টো করে উদ্বোধনের ছবি তোলা হয়েছে।
কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল বলেন:
“খাদ্যগুদাম থেকে এই বস্তাগুলো সরবরাহ করা হয়েছে। এর দায় খাদ্য অধিদপ্তর এড়াতে পারে না।”
অন্যদিকে পীরগাছা উপজেলা জামায়াতের আমীর ও তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল ক্ষোভ প্রকাশ করে বলেন:
“বিষয়টি জুলাই চেতনার পরিপন্থী এবং কোনোভাবেই কাম্য নয়। সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকা উচিত ছিল।”
এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক জানান, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা না বলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না।
উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়নেই পর্যায়ক্রমে এই চাল বিতরণ করা হচ্ছে। তবে পুরনো স্লোগান সংবলিত বস্তা ব্যবহারের ফলে স্থানীয় রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন