বরগুনার তালতলীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহত শিশুর নাম হযরত আলী খলিফা (১৪)। তিনি উপজেলার হরিণখোলা গ্রামের মৃত ইদ্রিস খলিফার ছেলে।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) বিকেলে তালতলী উপজেলার হরিণখোলা দাখিল মাদ্রাসা মাঠে চলমান ফুটবল খেলায় হযরত আলী গোলকিপারের দায়িত্ব পালন করছিল। খেলার এক পর্যায়ে বল মাঠের পাশে থাকা একটি গরুর দিকে চলে গেলে গরুটি ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কবিরাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম ঘরামীর ছেলে মুছা ঘরামী ও তার সহযোগীরা হযরত আলীকে মারধর করে বলে অভিযোগ ওঠে।
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
মারধরের পর থেকেই হযরত আলী অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যদের দাবি, আর্থিক সংকটের কারণে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।
পরবর্তীতে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তার চাচা ইউনুস খলিফা তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
এলাকায় শোক
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল প্রাঙ্গণে নিহতের মা আছিয়া বেগমের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে মেরে ফেলছে। আমি এই হত্যার বিচার চাই।”




