বগুড়ার সোনাতলা উপজেলায় অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
রবিবার (১৭ মে ২০২৬) দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ বয়রা ও দক্ষিণ চরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম অংশ নেয়।অভিযানে ২৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন— দক্ষিণ বয়রা এলাকার মোঃ শাহ আলম (৩০) এবং দক্ষিণ চরপাড়া এলাকার মোঃ আমিনুর রহমান গোলাপ (৩২)।ডিএনসি সূত্রে জানা যায়, সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ১নং আসামী শাহ আলমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং ২নং আসামী আমিনুর রহমান গোলাপকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এসময় উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ডিএনসি বগুড়া জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



