কুমিল্লার বরুড়া পৌর সদরের পাঠানপাড়া গ্রামে এক মর্মান্তিক পিতৃহত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে নিজ বসতঘরে ছেলে আবুল কালাম (৩৫) তার পিতা আলী আকবর (৫৫)-কে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত অবস্থায় আলী আকবরকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানিয়েছেন, আবুল কালাম দীর্ঘ দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগে তিনি অটোরিকশা চালক হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আবুল কালামকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার হয়েছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সঞ্জয় সরকার জানান, “খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মানসিক রোগীদের সঠিক চিকিৎসা ও পরিবারের সচেতনতার অভাবে এমন দুর্ঘটনা ঘটছে বলে অনেকে মনে করছেন। পুলিশ এখন ঘটনার সঠিক কারণ ও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।



