দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৬ জন গুরুতর আহত হয়েছেন। আজ ভোর প্রায় ৫টা ৩০ মিনিটে উপজেলার চন্ডিপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ সময় আরও ৬ জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




