ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মাদক ওজন মাপক যন্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১০ মে) রাত ১০টা ১৫ মিনিটে বোরহানউদ্দিন থানার এসআই মোঃ নাজমুল হুদার নেতৃত্বে একদল পুলিশ টবগী ইউনিয়নের দালালপুর ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে দালালপুর পুলের গোড়ায় ধৃত আসামির বসতঘরের সামনে থেকে লিটন ফরাজী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৬৫০ টাকা এবং একটি মাদক ওজন মাপক যন্ত্র উদ্ধার করা হয়।
আটক লিটন ফরাজী দালালপুর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




