পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা-এর টিএন্ডটি রোডের কল্লাকাটা ব্রিজ সংলগ্ন সিকদার ভিলা নামের একটি বাসা থেকে সুখি রানী নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার এ ঘটনা ঘটে।
নিহত সুখি রানী কবিতা রানীর মেয়ে। তিনি স্বামী পলাশের সঙ্গে মায়ের বাসায় বসবাস করতেন। তাদের দুটি সন্তান রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসার ভেতরে সুখি রানীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে এলাকাবাসীর দাবি, একই বাসায় এর আগেও একাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।