পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ইসলামী ব্যাংক শাখায় সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। প্রতিদিন ব্যাংকের ভেতরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এক থেকে দেড় ঘণ্টা, কখনো কখনো তিন ঘণ্টারও বেশি সময়।
গ্রাহকদের অভিযোগ, ব্যাংকের সেবার গতি ধীর হওয়ার পাশাপাশি অনিয়মও দেখা যাচ্ছে। বিশেষ করে, লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ গ্রাহকদের পাশ কাটিয়ে কিছু ‘চেনা মুখ’কে অগ্রাধিকার দিয়ে পিছন দিক থেকে টাকা লেনদেন করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
একাধিক গ্রাহক জানান, “আমরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকি, অথচ পরিচিত কিছু মানুষ সরাসরি কাউন্টারের পেছন দিক থেকে কাজ সেরে চলে যান। এতে আমাদের ভোগান্তি আরও বাড়ছে।”
আরেকজন গ্রাহকের ভাষ্য, “ক্যাশ কাউন্টারে কর্মীদের অদক্ষতা রয়েছে। তার ওপর এ ধরনের অনিয়ম থাকায় সাধারণ মানুষ সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।”
গ্রাহকদের দাবি, দ্রুত সেবার মান উন্নয়ন এবং অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে অতিরিক্ত জনবল নিয়োগ ও কাউন্টার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, এ সমস্যা দ্রুত সমাধান না হলে গ্রাহকদের দুর্ভোগ আরও বাড়বে এবং ব্যাংকের প্রতি আস্থাও কমে যেতে পারে।




