মাগুরায় গাছের ডাল ভেঙে মোটরসাইকেল আরোহী নিহত ২

মাগুরায় ঝড়ো বাতাসে গাছের শুকনা ডাল ভেঙে মোটরসাইকেলের ওপর পড়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (রাত ৯টার দিকে) মাগুরা–ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন প্রান্ত দত্ত (২৭) ও মাহফুজ (২০)। প্রান্ত দত্ত শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের সাহাপাড়া এলাকার ভজন দত্তের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় প্রান্ত দত্ত ও মাহফুজ মোটরসাইকেলে করে শ্রীপুর উপজেলার নাকোল এলাকা থেকে মাগুরা শহরের দিকে আসছিলেন। পথে মাগুরা–ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ো বাতাসে রাস্তার পাশে থাকা একটি শুকনা গাছের ডাল ভেঙে তাদের মোটরসাইকেলের ওপর পড়ে। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত দত্তকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গুরুতর আহত মাহফুজকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ো বাতাসে গাছের শুকনা ডাল ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন