নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই গ্রামে অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে। শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চক সাবাই গ্রামের সুমন কুমার প্রামাণিকের স্ত্রী শিমলা রানী (১৯) এবং রণজিত কুমার প্রামাণিকের স্ত্রী সিমা (২৬)। তবে অভিযানের সময় আরও দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রির তথ্য পেয়ে সেখানে তল্লাশি চালানো হয়।
অভিযানকালে বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি পাতিল ও ৪০টি প্লাস্টিকের বোতলে সংরক্ষিত মোট ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
মান্দা থানা পুলিশ জানায়, আটক দুই নারী ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক দুই নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




